Followers

Monday, June 29, 2020

বেঁচে থাকার অভিনয়



পাশের সিটেই বসত সে, খুব সম্ভবত  কিছু টা আমার আগের স্টেশনে উঠত।হাতে থাকত একটা খবরের কাগজ যেটা খুব মনোযোগয সহকারে পড়ত।
তীব্র কলহ ,প্যাসেঞ্জারের সিট নিয়ে কাড়াকাড়ি, হকারের দর কষাকষি কোনো কিছুই তার নজরে যেতনা বা হয়তো  দেখেও না দেখার ভান করত। তবে ভিখিরিকে মাঝেমধ্যে দু দশ টাকা বুক পকেট থেকে বের করে দিত দেখতাম ।যাইহোক, ভাগ্যক্রমে আমি জানালার ধারের সিট টা পেয়েই যেতাম কিছুটা ভীড় হওয়ার আগেই। হেডফোন কানে দিয়ে গান শুনতে শুনতে অতিক্রম করতাম প্রায় দু ঘণ্টার সফর।

      হঠাৎ একদিন চাকরির বিজ্ঞাপন দেখে দিদি   ফোন করল ট্রেনে।বলল আজকের পেপার  টা  দেখতে ।দৃষ্টি  গেল সেই ছেলেটির দিকে।জিজ্ঞাসা করলাম একটু ইতস্তত বোধ করেই----
"দাদা একটু পেপার  টা দেওয়া যাবে?"
প্রথম টা না শোনার ভান করল মনে হল। তারপর একটু কিঞ্চিৎ বোধ করেই বলল ----
"কিছু বলছেন? "
"হ্যাঁ, বলছি যে পেপার টা একটু দেবেন?  আজ একটা বিজ্ঞাপন দিয়েছে দেখতাম"।
কিছুটা অন্যমনস্ক ভাবেই পেপার টা আমার দিকে এগিয়ে দিল।  হাত বাড়িয়ে পেপার টা নিলাম।

       কিন্ত পুরোটা তন্নতন্ন করে খোঁজার পরেও কোথাও তো কোন চাকরীর বিজ্ঞাপন দেখলাম না।তাহলে কি দিদি ----------ভাবতে ভাবতে হঠাৎ চোখ গেল উপরে লেখা তারিখ টার দিকে ,যেটা ছিল আজ থেকে প্রায় তিন বছর আগের!!!!!!!!
      সংগে সংগে ছেলেটিকে বললাম ---"এটা তো ___"
আমার প্রশ্ন অসম্পূর্ণ রেখেই ছেলেটি  উত্তর দিল_____
"হ্যাঁ, এটা তিন বছর আগের পেপার।এটা সেই তারিখ যেদিন আমি আমার দৃষ্টিশক্তি  হারিয়ে ছিলাম ট্রেন দূর্ঘটনায়। তারপর থেকে আমার আর নতুন পেপার এর প্রয়োজন হয়নি। এবার আপনি ভাবছেন আমি দেখতে পাইনা তো পেপার পড়ছি কেন!! 
আসলে আমাদের পৃথিবীতে প্রত্যেককেই  কিছুনা কিছু চরিত্রে অভিনয় করতে হয়,যা পরিস্থিতি অনুকরণে পরিবর্তনশীল।যেমন কিছু বছর আগে আমি অন্ধ না  হওয়ার চরিত্রে ছিলাম আর আজ অন্ধের।চরিত্র যেমনই হোক না কেন ব্যক্তিস্বত্তায় পরিবর্তন আনা কখনই কাম্য নয় । কিন্তু আমাদের এই অভিনয়  মঞ্চ খুব সীমিত যেখানে সব চরিত্র ই চায় শেষ পর্যন্ত অভিনয় করে যেতে ।  সমাজের  কিছু শক্তিশালী চরিত্র নিজেদের নকল ভাবমূর্তি চরিতার্থ করার জন্য  ক্ষুন্ন করে শুধু মাত্র  দূর্বল চরিত্রের অস্তিত্ব।তাই চরিত্র যতই দূর্বল হোক, সকলের সামনে উপস্থাপনায় যেন দূর্বলতার প্রকাশ না হয়।ট্রেনে সুযোগ সন্ধানী অনেক অন্ধ  চরিত্রের মানুষ আছে যারা  চোখে নয় ----মনে অন্ধ। ওরা হল সেই শক্তিশালী চরিত্রের প্রতিনিধি যারা আমাদের মত অন্ধ চোখের  সুযোগ নিতে ব্যস্ত।আমার পেপার পড়ার অভিনয় শুধুমাত্র ঐসব চরিত্র কে আমার থেকে দূরে সরিয়ে রাখা।ঐ যে  কিছুক্ষণ আগে বললাম না যে চরিত্র পরিস্থিতি অনুকরণে বদলায়----তাই এখানে আমাকে কিছু বছর আগের চরিত্রে অভিনয় করতে হচ্ছে।
যেমন আপনাকে এক্ষুনি ট্রেন থেকে নামার অভিনয় করতে হবে "
      বলতে না বলতেই ট্রেন থামল। আমার স্টেশন এসে গেল।তাড়াতাড়ি করে নেমে পড়তে হল। রাস্তায় নেমে দেখলাম হাতে পেপার টা। "থাক কাল ফেরত দেব।ছেলে টাকে নামার সময় কিছু বলে আসাও হলনা খারাপ ভাবল হয়তো।"

  কিন্ত পরদিন থেকে আর তাকে দেখলাম না। পুরো কামরা খুঁজেও পেলাম না। থেকে গেল তার খবরের কাগজ আর  শিখলাম ___কিছু না থেকেও সব কিছু পেয়ে বেঁচে থাকার অভিনয়। 




                               চিত্রা অধিকারী

No comments:

Post a Comment

নববর্ষ